ময়মনসিংহের গফরগাঁওয়ে মো: রিয়ান আহাম্মেদ রুবেল (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটকের সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে পাগলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার মুখী ব্রিজঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রুবেল ময়মনসিংহের ভালুকা পৌরসভার হাজীপাড়া মুচারভিটা এলাকার মরহুম আলাল খানের ছেলে।
পুলিশ জানায়, বুধবার দুপুরে পাগলা থানার উপপরিদর্শক (এসআই) মো: মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মুখী ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে মাদকসহ গ্রেফতার করে।
গ্রেফতার রুবেল একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ ভালুকা থেকে পাগলা এলাকায় মাদকের চালান দিয়ে আসতো।
এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, আটক রুবেলের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। এ মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।



