মেহেরপুরের গাংনীতে এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকালে মোবাইল ফোন সাথে রাখার অভিযোগে আরিফ হোসেন নামে এক কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বামন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
বহিষ্কৃত শিক্ষক আরিফ হোসেন গাংনী উপজেলার ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় কলেজ শাখার ১০২ নম্বর কক্ষে পরিদর্শকের দায়িত্বে ছিলেন।
জানা যায়, কেন্দ্র পরিদর্শনে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তোহিদুল কবীর শিক্ষক আরিফ হোসেনের কাছে মোবাইল ফোন দেখতে পেয়ে তাকে অফিস কক্ষে ডেকে পাঠান। পরে তার মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাকে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি আগামী পরীক্ষাগুলোতেও তাকে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেয়া হয়।
কেন্দ্র সচিব আমানুল্লাহ জানান, পরীক্ষা চলাকালে কোনো কক্ষ পরিদর্শকের মোবাইল ফোন সাথে রাখা বা ব্যবহার করার নিয়ম নেই। তবে দায়িত্ব পালনকালে আরিফ হোসেনের কাছে মোবাইল ফোন পাওয়া যায়।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বা অসদুপায় বরদাশত করা হবে না। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’



