ফেনীতে পরিবেশ মন্ত্রীর হটলাইন: চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ১

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের সমাসপুর এলাকায় চাঁদা না পেয়ে একটি বসতবাড়ির গেটে তালা লাগিয়ে দেয়ার ঘটনায় আবু তাহের কালু (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
দাগনভূঞা থানা, ফেনী
দাগনভূঞা থানা, ফেনী |নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের সমাসপুর এলাকায় চাঁদা না পেয়ে একটি বসতবাড়ির গেটে তালা লাগিয়ে দেয়ার ঘটনায় আবু তাহের কালু (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার কালু সমাসপুর এলাকার মরহুম আবু বক্করের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী হাসিনা আক্তার ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর হটলাইনে অভিযোগ করেন। বিষয়টি মন্ত্রীর দৃষ্টি গোচর হলে তিনি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

পরে হাসিনা আক্তার বাদী হয়ে আবু তাহের কালু (৪৬) ও মো: হিরণ (৪৫) এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামি করে বৃহস্পতিবার দাগনভূঞা থানায় মামলা করেন। রাতেই পুলিশ অভিযুক্ত আবু তাহের কালুকে গ্রেফতার করে।

শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসী বেগম।

হাসিনা আক্তার বলেন, গত কয়েক দিন আগে বিবাদীরা আমার বাসায় গিয়ে প্রকাশ্যে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অপারগতা জানালে বিবাদীরা ও অজ্ঞাতনামা বিবাদীরা অন্যায় অনধিকারভাবে বুধবার রাত ১০টার দিকে আমার বসতবাড়ির গেটে তালা লাগিয়ে দেয়। বিবাদীদের দাবি করা টাকা না দিলে আমাকে ও আমার পরিবারকে অপহরণ করে হত্যার হুমকি প্রদান করে।

তিনি আরো বলেন, এ ঘটনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টুর হটলাইনে অভিযোগ করলে থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো: হিরণ বলেন, সমাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ জোরপূর্বক দখল করে এবং সমাসপুর ঈদগাহর সীমানা প্রাচীর ভেঙে বসতবাড়ির চলাচলের পথ নির্মাণ ও নিজেদের একক গেইট নির্মাণ করে। ঈদগাহ কমিটির নির্দেশে গেইটে তালা লাগানো হয়েছে। ঈদগাহ ও বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষার প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করে।

দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসী বেগম বলেন, এ ঘটনায় আবু তাহের কালু নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, নিজ এলাকায় মাদক -চাঁদাবাজিসহ অপরাধ নিয়ন্ত্রণে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু একটি হটলাইন ও ওয়েব সাইট খোলেন। ২০ ফেব্রুয়ারি থেকে চালু হওয়া হটলাইনে অন্তত ২৫০টি অভিযোগ এসেছে। এর মধ্যে অনেকেই আইনগত প্রতিকার পেয়েছেন।