রাজধানীতে বাসচাপায় ২ জন নিহত

বনানীতে অবস্থিত সেতু ভবনের বিপরীত পাশে ফুটওভার ব্রিজের নিচে দুর্ঘটনাটি ঘটেছে এবং সাথে সাথেই ওই দুইজন নিহত হন।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

ঢাকার বনানীতে যাত্রীবাহী বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল পৌণে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, বনানীতে অবস্থিত সেতু ভবনের বিপরীত পাশে ফুটওভার ব্রিজের নিচে দুর্ঘটনাটি ঘটেছে এবং সাথে সাথেই ওই দুইজন নিহত হন।

নিহতদের পরিচয় সম্বন্ধে তিনি বলেন, পরিচয় এখনো শনাক্ত হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সিটি করপোরেশনের শ্রমিক, রোড ডিভাইডারের (সড়ক বিভাজক) কাজ করছিলেন।

‘আমরা জানতে পেরেছি, বাসটা এক পথচারীকে বাঁচানোর জন্য ব্রেক করেছিল। এসময় বাসটি ডিভাইডারের সাথে লেগে যায়। নিহত ব্যক্তিরা বাস ও ডিভাইডারের মাঝখানে চাপা পড়েছিল।’

এই ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘চালক ও চালকের সহযোগী পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পালিয়ে যায়। বাস রেখে গেছে, ওটা আছে।’

এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং তারা এখন ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।