রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে এক ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় শিশুর মৃত্যু হয়েছে। শিশুদের বয়স ছিল এক থেকে দুই দিন। এ ঘটনায় পুরো হাসপাতালে শোকের ছায়া নেমে এসেছে।
আজ বুধবার ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত ছয় শিশু মারা গেছে। তবে ঠিক কিভাবে তাদের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) গ্যাস লিকেজ থেকে একটি ওয়ার্ডে এই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। ভোররাতে এই ঘটনা ঘটে।
আদ-দ্বীন হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল বলেন, কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মৃত শিশুদের বয়স ছিল এক থেকে দুই দিন। পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছিল।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ছয় নবজাতক শিশুদের মা-সহ ১১ জন পোস্ট অপারেটিভ রুমে অবস্থান করছিল। ঠাণ্ডা অনুভূত হওয়ায় এসি বন্ধ রাখতে অনুরোধ করেন এক মা। নার্স এক ঘণ্টার মতো এসি বন্ধ রাখেন।
তিনি আরো বলেন, গরম লাগলে এসি চালু করতে বললে দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর বাকি চার শিশুও অসুস্থ হয়। এসময় চিকিৎসাধীন অবস্থায় ছয় শিশুর পর্যায়ক্রমে মর্মান্তিক মৃত্যু হয়।
ডিএমপি কমিশনার বলেন, এখানে সিআইডির ক্রাইম টিম কাজ করছে। আলামত সংগ্রহ করছে। বিস্তারিত পরে জানানো হবে।



