রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে ভোরে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) ভোরে দুইতলা মার্কেটটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট একযোগে কাজ করে সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো জানান, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
এর আগে, ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।



