রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোহাম্মদ আরাফাত হোসেন নিহত হয়েছেন; আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত |সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা এলাকার মোল্লা কলেজ-সংলগ্ন সড়কে বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোহাম্মদ আরাফাত হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার ভোররাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাতে বাবা মোহাম্মদ রুহুল আমিন বলেন, আমার ছেলের গুলিস্তান হল মার্কেটে মোবাইল অ্যাক্সেসরিজের দোকান রয়েছে। রাতে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে ডেমরা মোল্লা কলেজ এলাকায় বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের আমার ছেলে আরাফাত গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলের মৃত্যু হয়।

তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদরের মুন্সি কান্দি গ্রামে। বর্তমানে ডেমরার কোনাপাড়ার শাহজালাল রোডের বাসায় পরিবার নিয়ে থাকেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।