রাজধানীর ফকিরাপুল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত রহমান শাওন (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গতকাল সোমবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু আনিফ বলেন, রাতে আর্জেন্টিনার খেলা দেখতে বন্ধুরা মিলে দু’টি মোটরসাইকেলে করে ওয়ারীর উদ্দেশে রওনা হন। ফকিরাপুল পানির ট্যাংকির সামনে যাওয়া মাত্রই শাহজাহান নামের এক পথচারী মোটরসাইকেলের সামনে হঠাৎ চলে আসে। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে শাওন এবং ওই পথচারী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পথচারী শাহজাহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, আগামী ৩০ জুন উচ্চশিক্ষার জন্য শাওনের অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। প্রয়োজনীয় সব প্রস্তুতি ও অর্থ পরিশোধ সম্পন্ন হলেও একটি নির্মম দুর্ঘটনায় মুহূর্তেই থেমে গেল তার সব স্বপ্ন।
নিহত শাওনের গ্রামের বাড়ি গাজীপুরের বড় দেওড়া আনসার আলী রোড এলাকায়। তিনি লুৎফুর রহমান ও সুলতানা আক্তারের একমাত্র সন্তান। বর্তমানে হাতিরঝিলের মগবাজারের মধুবাগ (মিরবাগ) এলাকায় পরিবারের সাথে থাকতেন।
নিহত শাওনের মা সুলতানা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, একটু আগেও আমি নিজের হাতে ছেলেকে ভাত মাখিয়ে খাইয়েছি। আট দিন পর বিদেশে যাওয়ার কথা ছিল। সব প্রস্তুতি শেষ, অথচ আজ সে আমাদের ছেড়ে চলে গেল। এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।
তিনি আরো জানান, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাথা ও বাম চোখের ওপর গুরুতর আঘাতের কারণে শাওনের মৃত্যু হয়েছে এবং পথচারী শাহজাহানের অবস্থাও আশঙ্কাজনক।



