রাজধানীতে অটোরিকশার ধাক্কায় দুই শিশু নিহত

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল |সংগৃহীত

রাজধানীর রায়েরবাগ ও কামরাঙ্গীরচরে অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুই শিশু। তারা হলো রায়েরবাগের সুমাইয়া নুর তাকওয়া (৮) ও কামরাঙ্গীরচরে পাঁচ বছরের শিশু জান্নাতি। নিহত তাকওয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

বুধবার (৬ মে) সন্ধ্যার পর ও বিকেলে এ ঘটনা ঘটে।

হাসপাতালে স্বজনরা জানান, শিশু তাকওয়া নানির বাসায় বেড়াতে এসেছিলেন। বুধবার সন্ধ্যার পর ললিপপ আনতে গিয়ে কদমতলীর রায়েরবাগ পাকা মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকওয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের বরাতে জানা যায়, তাকওয়ার বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাঠানতলী এলাকায়। তার বাবা নুর আলম খান। তার মা কান্তা আক্তার তিন সন্তানকে নিয়ে সকালে রায়েরবাগে তার মায়ের (তাকওয়ার নানি) বাসায় বেড়াতে আসেন।

হাসপাতালে তাকওয়ার নানি মর্জিনা বেগম জানান, বিকেলে মা, নানি ও দুই বোনের সাথে ঘুরতে বের হয়েছিল তাকওয়া। নানির বাসা থেকে কিছু দূরে গিয়ে ললিপপ খাওয়ার জন্য আবদার করে সে। পরে তিন বোনের জন্য ১৫ টাকা দিয়ে ললিপপ কিনতে পাঠায়। টাকা হাতে নিয়ে দৌড়ে দোকানে যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশুটি।

স্থানীয় হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেকে স্থানান্তর করা হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে বুধবার বিকেল ৩টার দিকে কামরাঙ্গীরচরে সিলেটি বাজারের ৭ নম্বর গলিতে অন্য শিশুদের সাথে খেলা করছিল জান্নতি। এ সময় নিয়ন্ত্রণহীনভাবে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে জান্নাতিকে ধাক্কা দেয়। জান্নাতিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেল সোয়া ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই চালক অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

শিশুটির খালা নার্গিস আক্তার ও প্রতিবেশী আবু সালাম জানান, দুর্ঘটনার পর আরেক শিশু তাকে কোলে করে বাসার ভেতরে নিয়ে আসে এবং অটোরিকশাটি তার ওপর দিয়ে উঠে গেছে। এরপরই তাকে হাসপাতালে নেয়া হয়। জানা গেছে, জান্নাতির বাবা মোস্তফা ইসলামবাগ এলাকায় দিনমজুর হিসেবে কাজ করেন এবং মা লাভলী আক্তার গৃহকর্মী।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো: ফারুক জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।