রাজধানীর ডেমরার কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ নাজমুল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু মোহাম্মদ ইমন (১৯) আহত হয়েছেন।
বুধবার (৬ মে) দিবাগত রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত নাজমুল চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে। তিনি বর্তমানে ডেমরা কোনাপাড়া এলাকায় বসবাস করতেন এবং পেশায় একজন ব্যবসায়ী।
পথচারী মোহাম্মদ শাহিন জানান, ডেমরা কোনাপাড়া বাঁশেরপুল পেপার মিল গেটের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাজমুল ও ইমন গুরুতর আহত হন। তিনি ও অন্যান্য পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিনি আরো জানান, গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে নাজমুলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



