যাত্রাবাড়ীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় নিহত ১

যাত্রাবাড়ীর আসমানী পেট্রোল পাম্পের সামনে দ্রুতগামী গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন মোহাম্মদ মনির হোসেন (৫৫)। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নয়া দিগন্ত অনলাইন
যাত্রাবাড়ীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় নিহত ১
যাত্রাবাড়ীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় নিহত ১ |সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর আসমানী পেট্রোল পাম্পের সামনে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোহাম্মদ মনির হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ মনির হোসেন চাঁদপুর ফরিদগঞ্জ থানার রুস্তমপুর গ্রামে মরহুম হাসান আলী ছেলে। তিনি ডেমরার পশ্চিম ডগাই এলাকায় থাকতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ভাই মো: মইনুদ্দিন বলেন, আমার ভাই সেনেটারি মিস্ত্রির কাজ করে রাত পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ী আসমানী পেট্রোল পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।