এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের দলসংখ্যা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ২৪ দলের পরিবর্তে ৩২ দল নিয়ে আয়োজিত হবে এশিয়ান ফুটবলের অন্যতম আকর্ষণীয় এই আসর।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এই তথ্য নিশ্চিত করেছে। একইসাথে তারা জানিয়েছে, এটি ‘অন্তর্ভুক্তি বৃদ্ধি করবে এবং উৎকর্ষতা উন্নীত করবে।’
এএফসি জানিয়েছে, তাদের নির্বাহী কমিটির অনুমোদন পেলেই সিদ্ধান্তটি আগামী মৌসুম থেকে কার্যকর হবে। সংস্থাটি এটিকে একটি ‘ঐতিহাসিক সম্প্রসারণ’ হিসেবে উল্লেখ করেছে।
এশিয়ার শীর্ষ ক্লাব প্রতিযোগিতার গ্রুপ পর্ব দুই ভাগে বিভক্ত- ইস্ট ও ওয়েস্ট, এরপর নকআউট পর্ব শুরু হয়।
এই কাঠামো মোটামুটি একই থাকবে, তবে ২০২৬-২৭ মৌসুম থেকে প্রতিটি গ্রুপে দলের সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ১৬ করা হবে।
প্রতিটি গ্রুপের শীর্ষ ছয়টি দল সরাসরি শেষ ১৬’তে উঠবে। আর সপ্তম থেকে দশম স্থানে থাকা দলগুলো নতুন চালু হওয়া নকআউট প্লে-অফ পর্যায়ে অংশ নেবে।
২০২৪-২৫ মৌসুম থেকে এ টুর্নামেন্টটির নামকরণ করা হয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট।
২০২৫-২৬ মৌসুমের শেষ ১৬ ও কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো এই সপ্তাহে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে।



