সবকিছু ঠিক থাকলে বুধবার রাতেই প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সাথে আলোচনায় বসার কথা ছিল আমিনুল ইসলাম বুলবুলদের। তবে তার একদিন আগেই বদলে যায় দৃশ্যপট।
গত মঙ্গলবার হঠাৎ জাতীয় ক্রীড়া পরিষদ ভেঙে দেয় আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ। সেই সাথে বিসিবি পরিচালনা করতে তামিম ইকবালের নেতৃত্বে ঘোষণা করে এডহক কমিটি।
তবে তাতে খুব একটা সমস্যা হচ্ছে না ক্লাবগুলোর। একদিন পর আজ বৃহস্পতিবার নতুন কমিটির সাথেই বৈঠকে বসতে যাচ্ছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। সন্ধ্যায় বিসিবি কার্যালয়ে হবে এই বৈঠক।
জানা গেছে, বুধবার রাতে বোর্ড সভা শেষেই প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে মিটিংয়ের জন্য চিঠি দেয়ার নির্দেশ দেন তামিম। গতরাতেই হোয়াটসঅ্যাপ ম্যাসেজ ও ফোনকলে বোর্ড থেকে এটা জানানো হয়েছে।
এর আগে, বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে গত ছয় মাস ধরে কোনো লিগে অংশ নেয়নি ঢাকার ৩৯টি ক্লাব। এতে প্রথম ও দ্বিতীয় বিভাগ দায়সারা হলেও প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে দেখা দেয় শঙ্কা।
তবে দায়িত্ব নিয়ে দ্বিতীয় মিটিংয়েই প্রিমিয়ার লিগ আয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি।
আগের বোর্ড ১১ ও ১২ এপ্রিল দলবদল ও ১৬ তারিখ থেকে আসর শুরু করার কথা বলেছিল। তবে সেটা ওইভাবেই হবে কিনা নিশ্চিত নয়। আজকের মিটিংয়ে এই বিষয়গুলোই প্রাধান্য নিশ্চিতভাবেই।



