প্রথমবার উইকেটশূন্য মোস্তাফিজ, হারল লাহোর

৪ ম্যাচ খেলে সমান ২টি করে জয়-হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে লাহোর। ৫ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইসলামাবাদ।

নয়া দিগন্ত অনলাইন
মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান |সংগৃহীত

প্রথম তিন ম্যাচে উইকেটের দেখা পেলেও চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের চতুর্থ ম্যাচে এসে উইকেট শিকারে ব্যর্থ হয়েছেন বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের হয়ে প্রথম তিন ম্যাচে যথাক্রমে- ১, ১ ও ২ উইকেট শিকার করেন তিনি।

টুর্নামেন্টের ১৬তম ম্যাচে বৃহস্পতিবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ২ ওভার বল করে ১৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মোস্তাফিজ। এ ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় ইসলামাবাদের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারে লাহোর।

করাচি জাতীয় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইসলামাবাদের বোলারদের তোপে ১৮.৩ ওভারে ১০০ রানে অলআউট হয় লাহোর। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

শেষ ব্যাটার হিসেবে ব্যাট করার সুযোগ পেয়ে ১ বল খেলে রানের খাতা খুলতে পারেননি মোস্তাফিজ।

ইসলামাবাদের ক্রিস গ্রিন ৩টি, ইমাদ ওয়াসিম, রিচার্ড গ্লেসন ও শাদাব খান ২টি করে উইকেট নেন।

জবাবে ১০.২ ওভারে ১ উইকেটে ১০৪ রান করে ম্যাচ জিতে ইসলামাবাদ। ডেভন কনওয়ে ৩৫ বলে অপরাজিত ৫৯ ও মোহাম্মদ ফাইক ১৯ বলে অনবদ্য ৩৪ রান করেন।

চতুর্থ বোলার হিসেবে আক্রমণে এসে ২ ওভারে ১৬ রান খরচ করেও কোনো উইকেট শিকার করতে পারেননি মোস্তাফিজ। নিজের প্রথম ওভারে ৭ ও দ্বিতীয় ওভারে ৯ রান দেন তিনি।

৪ ম্যাচ খেলে সমান ২টি করে জয়-হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে লাহোর। ৫ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইসলামাবাদ।