মেটা বুধবার (৮ এপ্রিল) ‘মিউজ স্পার্ক’ নামে তাদের নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল বাজারে ছেড়েছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের ‘সুপার ইন্টেলিজেন্স ল্যাবস’ ইউনিটে বড় ধরনের রদবদলের পর এটি আগের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান এবং দ্রুতগতিসম্পন্ন হয়েছে।
এক ব্লগ পোস্টে প্রযুক্তি জায়ান্ট মেটা বলেছে, ‘বিগত নয় মাসে মেটা সুপার ইন্টেলিজেন্স ল্যাবস আমাদের এআই কাঠামোকে একেবারে শুরু থেকে নতুন করে তৈরি করেছে।’
সিলিকন ভ্যালিভিত্তিক এ প্রতিষ্ঠানটি এক বছর আগে ‘লামা ৪’ উন্মোচন করেছিল। মিউজ স্পার্ক মূলত তারই উত্তরসূরি। এটি মেটার এআই অ্যাপ, স্মার্ট চশমা এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের বিভিন্ন ফিচারে কাজে লাগবে।
মিউজ স্পার্ক আপাতত কেবলমাত্র যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। নতুন এই এআই মডেল আকারে ছোট কিন্তু অত্যন্ত দ্রুতগতির। বিজ্ঞান, গণিত ও স্বাস্থ্যবিষয়ক জটিল সব প্রশ্নের যৌক্তিক সমাধান দিতে সক্ষম এই মডেল।
এটি মেটার নতুন ‘মিউজ’ সিরিজের প্রথম মডেল। এর পরবর্তী প্রজন্মের মডেল তৈরির কাজও এরই মধ্যে শুরু হয়েছে। এআই-এর তীব্র লড়াইয়ে চীন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো যখন দ্রুতগতিতে উন্নত মডেল আনছিল, তখন ‘লামা ৪’ কিছুটা পিছিয়ে পড়েছিল।
এই পরিস্থিতিতে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ তার এআই টিমে আমূল পরিবর্তন আনেন। এর ফলে প্রতিষ্ঠানের গবেষণা প্রধান ইয়ান লেকুন বিদায় নেন। লেকুন টানা ১২ বছর মেটার এআই ল্যাব প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মেটার এই প্রচেষ্টাকে সফল করতে গত বছর জাকারবার্গ বড় ধরনের নিয়োগ অভিযান শুরু করেন। তিনি ‘স্কেল এআই’-এর সহ-প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ওয়াংকে নিজের প্রতিষ্ঠানে নিয়ে আসেন এবং তাকে নবগঠিত ‘সুপার ইন্টেলিজেন্স ল্যাবস’-এর দায়িত্ব দেন।
পরবর্তীতে জাকারবার্গ ওপেনএআই, অ্যানথ্রোপিক ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের বড় অঙ্কের বেতনে নিয়োগ দেন। অনেক ক্ষেত্রে তিনি ব্যক্তিগতভাবে এই নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত ছিলেন।
এর মাধ্যমে জাকারবার্গ তার আগের অবস্থান থেকে সরে এসেছেন। আগে মেটা মূলত ‘লামা’র মতো সবার জন্য উন্মুক্ত বা ওপেন-অ্যাক্সেস এআই মডেল তৈরিতে গুরুত্ব দিত।
মেটা বলেছে, ‘মেটা এআই-এর ভবিষ্যৎ আপনার জীবনের সম্পর্ক এবং পারিপার্শ্বিক অবস্থার ওপর ভিত্তি করেই গড়ে উঠবে।’
প্রতিষ্ঠানটি আরো জানায়, ‘আমরা ব্যক্তিগত সুপার ইন্টেলিজেন্স তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছি। এমন এক এআই যা শুধু আপনার প্রশ্নের উত্তরই দেবে না, বরং আপনার জগতকেও সত্যিকার অর্থে বুঝতে পারবে।’
সূত্র: বাসস



