সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও যাচাইবিহীন তথ্য প্রচার মহামারী রূপ ধারণ করেছে। এমন পরিস্থিতিতে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন পবিত্র কাবা শরীফের ইমাম শায়খ সালেহ বিন হুমাইদ। তিনি বলেছেন, যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত বা উৎসাহিত করে, তাদের সকলের ওপর নৈতিক দায় বর্তায়।
গত শুক্রবার জুমার খুতবায় শায়খ সালেহ বিন হুমাইদ এই সতর্কবার্তা দেন। এ সময় কাবা শরীফের প্রবীণ এই ইমাম আরো বলেন, কঠিন সময়েই মানুষের আসল চরিত্র প্রকাশিত হয়। এজন্য সকলের কর্তব্য (সত্যের ওপর) অবিচল থাকা এবং পার্থিব বিষয়ে (অযথা) জড়িয়ে পড়া থেকে বিরত থাকা।
তিনি মুসল্লিদের সতর্ক করে বলেন, ‘মিথ্যা তথ্য ছড়ানো শুধু ব্যক্তি ও সমাজেরই ক্ষতি করে না; বরং তা প্রচারকারীর পাপের বোঝাও ভারী করে।’ এ সময় শায়খ বিন হুমাইদ সকলকে সত্য ও ন্যায়নীতি বজায় রাখার আহ্বান জানান।
সৌদি সরকারও বার বার গুজব ও মিথ্যা তথ্য না ছড়ানোর ব্যাপারে বিশেষ সতর্কবার্তা দিয়ে থাকে। দেশটির সরকারের মতে- গুজব ছড়ানো বিশেষত, সামাজিক নিরাপত্তার ওপর মারাত্মক প্রভাব ফেলে এবং একটি গুরুতর ফৌজদারি ও শাস্তিযোগ্য অপরাধ।



