‘আসল চুক্তি’ না মানা পর্যন্ত একই অবস্থানে থাকবে মার্কিন বাহিনী : ট্রাম্প

যতই মিথ্যে প্রচারণা চালানো হোক না কেন, ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এবং হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত ও নিরাপদ থাকবে।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |বিবিসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে সতর্ক করে একটি পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি ‘আসল চুক্তি’ পুরোপুরি মেনে চলা না হয়, তাহলে এমন ভয়াবহ বড় হামলা শুরু হবে যা কেউ আগে কখনো দেখেনি।’

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের সকল জাহাজ, বিমান ও সামরিক সদস্য প্রয়োজনীয় গোলাবারুদ, অস্ত্রশস্ত্র ও শত্রুদের মোকাবেলার জন্য যা যা দরকার তার সবকিছু নিয়ে ইরানের আশেপাশে মোতায়েন থাকবে। যতক্ষণ না আমাদের মধ্যে হওয়া ‘আসল চুক্তি’ পুরোপুরি কার্যকর হচ্ছে, ততক্ষণ তারা সেখান থেকে সরবে না।’

তিনি আরো বলেন, ‘যদি কোনো কারণে এই চুক্তি অমান্য করা হয়, যদিও তার সম্ভাবনা খুব কম, তবে আবারো ‘হামলা শুরু হবে’। যা হবে আগের চেয়ে অনেক বড়, শক্তিশালী ও বিধ্বংসী।’

ট্রাম্প আরো লিখেছেন, ‘অনেক আগেই এই বিষয়ে একমত হয়েছিল, যতই মিথ্যে প্রচারণা চালানো হোক না কেন, ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এবং হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত ও নিরাপদ থাকবে। বর্তমানে আমাদের সামরিক বাহিনী বিশ্রাম নিচ্ছে এবং পরবর্তী প্রস্তুতির জন্য নিজেদের তৈরি করে নিচ্ছে। আমেরিকা আবারো তার আগের অবস্থানে ফিরে এসেছে।’

সূত্র : বিবিসি