ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্রকে ‘অবশ্যই বেছে নিতে হবে’ তারা যুদ্ধ চায়, নাকি শান্তি।
এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন বলে বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়।
সাইদ খাতিবজাদেহ বলেন, ‘তারা একইসাথে দু’টি জিনিস পেতে পারে না। এটা তো স্পষ্ট যে এগুলো (যুদ্ধ আর শান্তি) একে অপরের সম্পূর্ণ বিপরীত।’
তিনি বলেন, লেবাননে ইসরায়েলের চলমান হামলাগুলো যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির একটি ‘গুরুতর লঙ্ঘন’।
তিনি আরো বলেন, ‘ইরান মধ্যপ্রাচ্যের সবাইকে এ চুক্তি মেনে চলার আহ্বান জানাচ্ছে... এবং আমরা আশা করি আমেরিকানরাও তাদের মিত্রদের ক্ষেত্রে একই আহ্বান জানাবে।’
ইসরাইলি হামলা অব্যাহত থাকলে ইরান আলোচনা থেকে সরে আসবে কি না- এমন প্রশ্নের জবাবে খাতিবজাদেহ বলেন, ‘আমরা পুরো মধ্যপ্রাচ্যের মঙ্গলের কথা চিন্তা করছি।’



