হরমুজ প্রণালীতে বিকল্প নৌপথ ঘোষণা ইরানের

হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প রুট ঘোষণা করেছে ইরান। প্রধান নৌপথে সমুদ্র মাইন থাকার ঝুঁকির কথা উল্লেখ করে বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ ঘোষণা দেয়া হয়।

নয়া দিগন্ত অনলাইন
হরমুজ প্রণালী
হরমুজ প্রণালী |সংগৃহীত

হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প রুট ঘোষণা করেছে ইরান। প্রধান নৌপথে সমুদ্র মাইন থাকার ঝুঁকির কথা উল্লেখ করে বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ ঘোষণা দেয়া হয়।

দুই সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবে ইরান প্রণালীটি সাময়িকভাবে পুনরায় খুলতে সম্মত হয়েছে। বিশ্বে মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়।

ইরানের বিপ্লবী গার্ডস এক বিবৃতিতে জানায়, ‘হরমুজ প্রণালী অতিক্রম করতে ইচ্ছুক সব জাহাজকে জানানো যাচ্ছে যে সামুদ্রিক নিরাপত্তার নীতি মেনে চলা এবং সমুদ্র মাইনের সাথে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে, বিকল্প নৌপথ ব্যবহার করতে হবে।’

স্থানীয় গণমাধ্যমে উদ্ধৃত ওই বিবৃতিতে প্রণালীতে প্রবেশ ও বের হওয়ার বিকল্প পথের নির্দেশনাও দেয়া হয়েছে।

গত মঙ্গলবার রাত থেকে বুধবারের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার এক ঘণ্টারও কম সময় আগে এই সমঝোতা হয়। তিনি শর্ত মানা না হলে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করার হুমকি দেন।

মার্চের শুরু থেকে তেহরান কার্যত এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে রেখেছিল। এতে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যায়।

সূত্র: বাসস