৫১ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে মালয়েশিয়ার দুই জাহাজ

জাহাজ দু’টি বুধবারই বাংলাদেশের পানিসীমায় প্রবেশ করেছিল। বৃহস্পতিবার ভোরে সেগুলো বহির্নোঙরে এসে পৌঁছায়। ১৫ এপ্রিলের মধ্যে আরো পাঁচটি জ্বালানি তেলবাহী জাহাজ বিভিন্ন দেশ থেকে এই বন্দরে আসার কথা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জ্বালানি তেলবাহী জাহাজ
জ্বালানি তেলবাহী জাহাজ |ইন্টারনেট

মালয়েশিয়া থেকে ৫১ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে দু’টি জাহাজ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে জাহাজ দু’টি নোঙর করার পর বর্তমানে সেগুলোর পণ্য খালাসের প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, ৫১ হাজার টনের এই চালানে ‘সেন্ট্রাল স্টার’ নামক জাহাজে করে ২৫ হাজার টন ফার্নেস অয়েল এবং ‘ইস্টার্ন কুইন্স’ জাহাজে করে ২৬ হাজার টন অকটেন আনা হয়েছে।

বন্দর সচিব আরো জানান, জাহাজ দু’টি বুধবারই বাংলাদেশের পানিসীমায় প্রবেশ করেছিল। বৃহস্পতিবার ভোরে সেগুলো বহির্নোঙরে এসে পৌঁছায়। ১৫ এপ্রিলের মধ্যে আরো পাঁচটি জ্বালানি তেলবাহী জাহাজ বিভিন্ন দেশ থেকে এই বন্দরে আসার কথা রয়েছে।

এর আগে, শুক্রবার সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামক একটি জাহাজ বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছিল। এছাড়া একই সময়ে মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আরো একটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা ছিল।

বন্দর কর্তৃপক্ষ জানায়, দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে ধারাবাহিকভাবে জাহাজ বন্দরে আসছে। মার্চ মাসে সর্বমোট ৩৩টি জ্বালানি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। এর মধ্যে ১৫টি জাহাজে ছিল বিভিন্ন ধরনের তেল, আটটিতে এলএনজি এবং বাকি নয়টিতে এলপিজি ছিল। দেশে জ্বালানি সঙ্কট মোকাবিলা ও সরবরাহ স্বাভাবিক রাখতে এই নিয়মিত আমদানি প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সূত্র : বাসস