‘পাঁচ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা’- শীর্ষক একটি প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তা বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। অতঃপর তিনি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে রাতুলের পরিবার ও বৃদ্ধ শাহানুরের পাশে দাঁড়াতে নির্দেশ দেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর খিলগাঁও শান্তিপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে রাতুলের পরিবার ও আগারগাঁও এলাকায় বৃদ্ধ শাহানুরের সাথে সাক্ষাৎ করতে যায় একটি প্রতিনিধিদল।
তারা শিশু রাতুলের অসুস্থ বাবা মো: রাব্বির সাথে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে আর্থিক সহায়তা প্রদান করে। এছাড়া রাতুলের পড়াশোনার দায়িত্ব নেয় প্রতিনিধিদলটি। পাশাপাশি প্রতিনিধিদলটি রাজধানীর আগারগাঁও এলাকায় পানি বিক্রেতা শাহানুর বেগমের পাশেও দাঁড়ান।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মো: মেসবাউল আলম, মশিউর রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
উল্লেখ্য, ‘পাঁচ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা’- শীর্ষক একটি প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সাক্ষাৎ করে রাতুলের পরিবারকে এবং বৃদ্ধ শাহানুর বেগমকেও আর্থিক সহায়তা দেয়া হয়।



