গণবিরোধী আইন পাসের অভিযোগ, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

বিরোধীদলীয় সংসদ সদস্যরা এর আগেও দুইবার সংসদ থেকে ওয়াকআউট করেন। রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে প্রথম দফা ওয়াকআউট করেছিলেন তারা।

সংসদ প্রতিবেদক
রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে প্রথম দফা ওয়াকআউট করেছিলেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা
রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে প্রথম দফা ওয়াকআউট করেছিলেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা |ফাইল ছবি

গণবিরোধী আইন পাস করার অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টা ৫৬ মিনিটে ওয়াকআউট করেন তারা।

বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান সংসদে বলেন, দুঃখজনক হলেও সত্য বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও সংসদে যেসব গণবিরোধী আইন পাস করা হয়েছে, আমরা তার দায়ভার নিতে চাই না। এজন্য সংসদ থেকে ওয়াকআউট করলাম।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ সংসদে দাঁড়িয়ে বলেন, আইন প্রনয়নের সব ধরনের প্রক্রিয়ায় অংশ নেয়ার পর এভাবে ওয়াকআউট করার মানে আছে বলে মনে হয় না। আশা করি তারা মাগরিবের নামাজের বিরতির পর আবারো সংসদে ফিরে আসবেন।

এর আগে সংসদে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ) বিল-২০২৬, সুপ্রীম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল-২০২৬, সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল-২০২৬, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল-২০২৬ সহ বিভিন্ন বিলের বিরোধিতা করে যুক্তি তুলে ধরেন বিরোধীদলীয় এমপিরা।

জানা যায়, এর আগেও বিরোধীদলীয় সংসদ সদস্যরা দুইবার সংসদ থেকে ওয়াকআউট করেন। রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে প্রথম দফা ওয়াকআউট করেছিলেন তারা।