কূটনীতি জোরদারে নতুন উইং সংযোজন ও পুনর্বিন্যাস করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

‘পররাষ্ট্র মন্ত্রণালয় দৃঢ়ভাবে বিশ্বাস করে, এসব উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থানকে আরো সুসংহত ও মর্যাদাপূর্ণ করে তুলবে এবং বৈশ্বিক অঙ্গনে দেশের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

নয়া দিগন্ত অনলাইন
পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র মন্ত্রণালয় |নয়া দিগন্ত গ্রাফিক্স

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির সুনির্দিষ্ট ও ফলপ্রসূ বাস্তবায়ন নিশ্চিত করতে কূটনৈতিক পরিসরকে কার্যকর ও গতিশীল করে তোলার বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশী নাগরিকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিবাসন ও প্রবাসী কল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি, জলবায়ু, পরিবেশ ও আন্তঃসীমান্ত পানিসম্পদ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সমন্বিত ও সময়োপযোগী পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে বর্ণিত অধিক্ষেত্রে দ্রুত কার্যক্রম সম্প্রসারণ ও মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য অর্জনে মন্ত্রণালয়ের কার্যক্রমের সম্প্রসারণসহ নতুন উইং সংযোজন ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এতে আরো বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় দৃঢ়ভাবে বিশ্বাস করে, এসব উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থানকে আরো সুসংহত ও মর্যাদাপূর্ণ করে তুলবে এবং বৈশ্বিক অঙ্গনে দেশের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বাসস