জামিনে মুক্তি পেলেন আনিস আলমগীর

শুক্রবার তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে মুক্তি দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
আনিস আলমগীর
আনিস আলমগীর |ইন্টারনেট

সাংবাদিক আনিস আলমগীর আদালত থেকে জামিন পাওয়ার দুই দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

আজ শনিবার দুপুর আড়াইটায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারগার থেকে তাকে মুক্তি দেয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার মো: আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল শুক্রবার তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে মুক্তি দেয়া হয়েছে। এ সময় তার স্ত্রীসহ স্বজনেরা কারাগারে উপস্থিত ছিলেন।

এর আগে, ১১ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ মো: সাব্বির ফয়েজ শুনানি নিয়ে আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন।

গত বছরের ১৪ ডিসেম্বর রাতে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) নেয়া হয়। পরদিন তাকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়। পরে তাকে পাঁচ দিন রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দেন উচ্চ আদালত।

গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। মামলায় আনিস আলমগীরের বিরুদ্ধে তিন কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২৫ জানুয়ারি এই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে দুদক। তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। সেই মামলায়ও জামিন পান তিনি।