ট্রান্সকমের সিমিন রহমানসহ ৬ জনকে মামলা থেকে অব্যাহতি

ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান ও তার মা মিসেস শাহনাজ রহমানসহ ছয়জনকে আপন বোনের করা প্রতারণার অভিযোগের মামলা থেকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। এ নিয়ে চারটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সিমিন রহমান।

নয়া দিগন্ত অনলাইন
ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান
ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান |ইন্টারনেট

আপন বোনের করা প্রতারণার অভিযোগের মামলা থেকে ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান ও তার মা মিসেস শাহনাজ রহমানসহ ছয়জনকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। এ নিয়ে চারটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সিমিন রহমান।

আজ সোমবার শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন।

আদেশে উল্লেখ করা হয়, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো উপাদান না থাকায় তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেয়া হলো।

মামলার অপর আসামিরা হলেন ট্রান্সকম গ্রুপের পরিচালক মো: কামরুল হাসান, মো: মোসাদ্দেক, আবু ইউসুফ মো: সিদ্দিক ও সামসুজ্জামান পাটোয়ারী।

সিমিন রহমানের পক্ষের আইনজীবী মো: সিদ্দিক উল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি শাযরেহ হক বাদি হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে গত ১১ জানুয়ারি পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান, সিমিন রহমানসহ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

সূত্র : বাসস