চিফ প্রসিকিউটর আমিনুল

প্রকৃত অপরাধীদের প্রাপ্য সাজা পেতে হবে

‘যারা কোনো অন্যায় করেনি, তারা প্রসিকিউশনের মাধ্যমে হয়রানির শিকার হবেন না। কিন্তু যারা প্রকৃত অপরাধী, তাদের প্রাপ্য সাজা পেতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম |সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, যারা কোনো অন্যায় করেনি, তারা প্রসিকিউশনের মাধ্যমে হয়রানির শিকার হবেন না। কিন্তু যারা প্রকৃত অপরাধী, তাদের প্রাপ্য সাজা পেতে হবে।

তিনি বলেন, ‘এই ট্রাইব্যুনালে যে সকল বিচার চলমান আছে এবং আগামী দিনে যে সকল মামলা বিচারের জন্য আসবে, আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে আমি ট্রাইব্যুনালের বিচারকার্যে আমার সহযোগিতা করতে পারি। আর যারা কোনো অন্যায় করেনি, তারা প্রসিকিউশনের মাধ্যমে হয়রানির শিকার হবেন না। কিন্তু যারা প্রকৃত অপরাধী, তাদের প্রাপ্য সাজা পেতে হবে।’

সোমবার (২৩ ফেব্রুয়ারি) চিফ প্রসিকিউটরের দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে আজ সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।

আইন মন্ত্রণালয়ের সলিসিটর মো: মঞ্জুরুল হোসেন সাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আইনজীবী আমিনুল ইসলামকে (অ্যাটর্নি-জেনারেলের পদমর্যাদা) পুনরাদেশ না দেয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ প্রদান করা হলো। একইসাথে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ আদেশ বাতিল করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বাসস