জামায়াত নেতা ও সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে দায়ের করা এক শ’ কোটি টাকার মানহানি মামলায় সমন জারি করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সুমন ভুইয়া শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে, সোমবার (৩০ মার্চ) দুপুরে বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি করেন।
তিনি বলেন, কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের এমপি মুফতি আমির হামজা সিরাজগঞ্জ-২ আসনের বিএনপির এমপি বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দিয়ে বক্তব্য দেন। এজন্য তার বিরুদ্ধে উল্লিখিত টাকার মানহানি মামলা করা হয়েছে। বিজ্ঞ বিচারক এ মামলা আদেশের অপেক্ষায় রেখে ছিলেন। আজ দুপুরে এ মামলা শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সুমন ভুইয়া এ সমন জারির নির্দেশ দেন।
সূত্র : ইউএনবি



