সাভারে ভাড়া বাসায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী শারমীন জাহানকে হত্যার ঘটনায় করা মামলায় তার স্বামী ঢাকা কলেজের ছাত্র ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার (২৭ মার্চ) ফাহিমকে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: তাজুল ইসলাম সোহাগের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, ১৫ মার্চ দুপুরে ক্যাম্পাস-সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী শারমীন জাহানের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ১৫ মার্চ শারমীন জাহানের চাচা মনিরুল ইসলাম আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই দিন রাতেই ফাহিমকে গ্রেফতার করে পুলিশ। গত ২৪ মার্চ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাসস



