দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ‘মুজিব কেল্লা’ প্রকল্পের সহকারী প্রকৌশলী মো: আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী তাহমিনা আক্তারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মো: আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
অনুসন্ধানকালে সংগৃহীত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনায় দেখা যায়, মো: আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী তাহমিনা আক্তার আয়করদাতা। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।



