চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে জুবায়ের রাজীব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো: জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
জাহাঙ্গীর আলমকে সোমবার (৯ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, রোববার আদাবর থানা পুলিশ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর আদাবর থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলছিল। তখন মিছিলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগের নেতারা গুলি করে। এ সময় আসামিদের ছোড়া গুলিতে ভিকটিম জুবায়ের রাজীব আহত হন। এ ঘটনায় একই বছরের ২৭ অক্টোবর আদাবর থানার একটি মামলা দায়ের করেন ভিকটিম জুবায়ের রাজীব। বাসস



