জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে লিগ্যাল এইডে ৩০ হাজার ৪১ জন শ্রমিকে সরকারি খরচায় আইনি সেবা প্রদান করা হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য সেখানে উল্লেখ করা হয়।
শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা প্রদান শুরু হয়। পরবর্তীতে ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল স্থাপন করা হয়েছে। এ সেলে মার্চ ২০২৬ পর্যন্ত ৩০ হাজার ৪১ জনকে আইনি সহায়তা দেয়া হয়। এ সময়ের মধ্যে ২২ হাজার ১১০ টি আইনি পরামর্শ সেবা দেয়া হয়। এছাড়াও ৪ হাজার ৬২২টি মামলায় আইনি সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে। যার মধ্যে ৮২০ টি নিষ্পত্তি হয়েছে।
বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) উদ্যোগ নেয়া হয়েছে ৩ হাজার ৩০৯ টি মামলায়। যার মধ্যে এডিআর-এ নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৯২০ মামলা।
দেশে আর্থিকভাবে অস্বচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’- অধীনে সরকারি খরচায় এ সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।
সূত্র : বাসস



