রমজান মাসে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের আদেশ স্থগিত

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনা আবেদনের শুনানি শেষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এ স্থগিতাদেশ দেন।

নয়া দিগন্ত অনলাইন
হাইকোর্ট
হাইকোর্ট |সংগৃহীত

রমজান মাস উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনা আবেদনের শুনানি শেষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এ স্থগিতাদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

রোববার একটি হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রিটের শুনানি শেষে রমজান উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধে রুলসহ আদেশ দেন।

পবিত্র রমজান মাসে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে গত ২০ জানুয়ারি হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো: ইলিয়াছ আলী মন্ডল। তার আগে একই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। বাসস