জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান ও তার স্ত্রী আমাতুছছামীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, আজিজুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মানিলন্ডারিং এবং নিজ ও তার স্ত্রীর নামে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।
অনুসন্ধানকালে জানা যায় যে, আজিজুর রহমান সস্ত্রীক যেকোনো সময় দেশ থেকে পালিয়ে বিদেশে অবস্থান নিবেন। অনুসন্ধানকালে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা না গেলে অভিযোগ প্রমাণ দুরূহ হয়ে পড়বে।
সুতরাং, আজিজুর রহমান ও তার স্ত্রী আমাতুছছামীর বিদেশ গমন রহিতকরণ করা একান্ত প্রয়োজন।
সূত্র : বাসস



