ঈদ উপলক্ষে দণ্ডপ্রাপ্ত ৫ কয়েদিকে মুক্তি দিলো সরকার

ঈদুল ফিতর উপলক্ষে অর্ধেকের বেশি সাজাভোগ করা পাঁচ দণ্ডপ্রাপ্ত কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দিয়েছে সরকার। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতাবলে বিশেষ বিবেচনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ কারা অধিদফতর
বাংলাদেশ কারা অধিদফতর |সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে বন্দী থাকা অর্ধেকের বেশি সাজাভোগ করা পাঁচজন দণ্ডপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার।

আজ রোববার কারা অধিদফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মুক্তিপ্রাপ্তরা হলেন চাঁদপুর কারাগারের আকাশ রিশি প্রকাশ দাশ, গাজীপুর জেলা কারাগারের রবিউল হোসেন, রংপুর কেন্দ্রীয় কারাগারের জিকারুল হক জিকু ও নুরুজ্জামান এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের আব্দুল করিম।

কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো: জান্নাত-উল ফরহাদ বলেন, তারা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছিলেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ বিবেচনায় সরকার তাদেরকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়।

তিনি জানান, গত ১১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের কারামুক্তির আদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়। আদেশ পাওয়ার পর ইতোমধ্যে কয়েকজনকে মুক্তি দেয়া হয়েছে। আজকের মধ্যে বাকিদের মুক্তির কার্যক্রম শেষ হবে।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির ক্ষমতাবলে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে বিভিন্ন অপরাধে দণ্ডিত অর্ধেকের বেশি সাজাভোগ করা পাঁচজন কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করে মুক্তি দেয়া হয়েছে।

সূত্র : বাসস