শিক্ষক-শিক্ষার্থীদের সেতুবন্ধনের তাগিদ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ভিসির

‘অধ্যক্ষরা যদি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন তৈরি করতে পারেন, তবে শিক্ষা প্রতিষ্ঠান একাডেমিক, প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে।’

নয়া দিগন্ত অনলাইন
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান |সংগৃহীত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে সুসম্পর্ক ও আস্থা তৈরি করা প্রতিষ্ঠান প্রধানের অন্যতম প্রধান কাজ।

তিনি বলেন, অধ্যক্ষরা যদি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন তৈরি করতে পারেন, তবে শিক্ষা প্রতিষ্ঠান একাডেমিক, প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে।

আজ সকালে ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) পর্যায়ের অধ্যক্ষদের সাথে বিভাগভিত্তিক চার দিনব্যাপী ভার্চুয়াল আলোচনা সভার সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী।

ভিসি বলেন, ‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ও তাঁর রাসূল সা:-কে খুশি করা। শিক্ষার্থীদের ধরে রাখার কৌশল তৈরি করতে হবে, যাতে তারা শ্রেণিকক্ষকে জীবনের শ্রেষ্ঠ সময় মনে করে।’

তিনি মধ্যপ্রাচ্যের শ্রম বাজারে দক্ষ জনবল তৈরি এবং রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি মাদরাসায় ‘আরবি ভাষা ক্লাব’ গঠনের আহ্বান জানান।

অধ্যক্ষদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, মাদরাসার সঠিক চিত্র গভর্নিং বডির কাছে তুলে ধরতে হবে এবং সাবেক শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে নিয়মিত মতবিনিময় করতে হবে। বিশেষ করে গরিব, অসহায় ও ঝরেপড়া শিক্ষার্থীদের দায়িত্ব নিতে শিক্ষকদের প্রতি অনুরোধ জানান তিনি।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিভিন্ন মাদরাসার অধ্যক্ষগণ অংশ নেন। তারা শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধিতে উপবৃত্তি প্রদান, টিফিন ভাতা চালু এবং প্রচার-প্রচারণা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বাসস