জাকসু নির্বাচন

প্রগতিশীলদের ‘সংশপ্তক পর্ষদ’, স্বতন্ত্রদের ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ নামে প্যানেল ঘোষণা

এই প্যানেলটি একটি সিম্বলিক প্যানেল। যেটির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মাঝে ঐক্যের আহ্বান করছি।

নয়া দিগন্ত অনলাইন

আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সমর্থিত ‘সংশপ্তক পর্ষদ’ নামে এবং ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ নামে স্বতন্ত্র শিক্ষার্থীদের আলাদা দুইটি প্যানেল ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের সামনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ৮ সদস্যবিশিষ্ট ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ নামে একটি স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) হিসেবে প্রার্থী হয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের মুখপাত্র মো: মাহফুজুল ইসলাম মেঘ।

এছাড়াও এই প্যানেলে অন্যান্যদের মধ্যে সহ-সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো: নাজমুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে সৈয়দা মেহের আফরোজ শাঁওলি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সাহিদুল ইসলাম শিমুল, সাংস্কৃতিক সম্পাদক পদে সাদিয়া রহমান মোহনা, সহ-সাংস্কৃতিক পদে শেখ আল ইমরান, নাট্য সম্পাদক পদে তপু চন্দ্র দাস এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে শাশ্বত পিকে মনোনীত হয়েছেন।

এর আগে দুপুর দেড়টায় জাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি সংসদ সমর্থিত ‘সংশপ্তক পর্ষদ’ নামে আলাদা একটি প্যানেল ঘোষণা করা হয়েছে।

‘সংশপ্তক পর্ষদ’ প্যানেলে থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম ইমন এবং সহ-সাধারণ সম্পাদক (নারী) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রফ্রন্ট, জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস।

এছাড়াও এই প্যানেল অন্যান্যদের মধ্যে তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক পদে সৈয়দ তানজিম আহমেদ, সহ-সমাজসেবা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে সাদিয়া ইমরোজ ইলা এবং শিক্ষা গবেষণা বিষয়ক সম্পাদক পদে তানজীল আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ বিষয়ে জাবি ছাত্র ইউনিয়ন সভাপতি জাহিদুল ইসলাম ইমন বলেন, ‘এই প্যানেলটি একটি সিম্বলিক প্যানেল। যেটির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মাঝে ঐক্যের আহ্বান করছি। আমাদের সমমনা অন্যান্য পদে যেসব প্রার্থীরা রয়েছেন আমরা তাদের সমর্থন করব। নির্বাচন যতটুকু না গণতান্ত্রিক হচ্ছে পরবর্তীতে আমাদের কার্যক্রম এখন থেকে আরো বেশি গণতান্ত্রিকভাবে হবে।’

সহ-সাধারণ সম্পাদক (নারী) প্রার্থী সোহাগী সামিয়া বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে প্রচারণা করছেন। ভোটররাও প্রার্থীদের পর্যবেক্ষণ করছেন।’

জাবি ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক ও তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক প্রার্থী তানজিম আহমেদ বলেন, ‘আমরা একটা আংশিক প্যানেল দিয়েছি এবং পাশাপাশি অন্যান্য প্যানেলের প্রার্থীর পদগুলোয় মুক্তমনা ও প্রগতিশীলদের প্রতি আমরা সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি।’