বাংলা নববর্ষকে বরণ করতে রঙে-রঙে সেজে উঠেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলা। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘বৈশাখী আলপনা উৎসব-২০২৬’ উপলক্ষে সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানজুড়ে আঁকা হয়েছে দৃষ্টিনন্দন আলপনা, যা ইতোমধ্যেই উৎসবের আবহ তৈরি করেছে।
এ আয়োজনে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়েছেন। পাশাপাশি ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী, পুলিশ প্রশাসন ও স্থানীয় ব্যক্তিরাও স্বতঃস্ফূর্তভাবে আলপনা আঁকায় যুক্ত হন।
ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান শিকদার বলেন, ‘এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ায় এবং সংস্কৃতির সাথে সম্পৃক্ত করে।’
ঘিওর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সানজিদা তুলি জানায়, ‘তিন দিনের পরিশ্রমে বিভিন্ন বয়সী মানুষের স্বেচ্ছাশ্রমে এই আলপনা তৈরি হয়েছে, যা আমাদের জন্য গর্বের।’
পথচারী রাবেয়া আক্তার বলেন, ‘হঠাৎ চোখে পড়া এই আলপনা মন ভালো করে দেয়। উৎসব যেন আগেই শুরু হয়ে গেছে।’
স্থানীয় ব্যবসায়ী মো: আলম বলেন, ‘এতে এলাকার সৌন্দর্য যেমন বেড়েছে, তেমনি মানুষের আনাগোনা ও উৎসবের আমেজও বৃদ্ধি পেয়েছে।’
সরেজমিনে দেখা যায়, আলপনায় ফুটে উঠেছে গ্রামীণ ঐতিহ্য, লোকজ নকশা ও বৈশাখের নানা প্রতীক।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম বলেন, ‘বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই আয়োজন করা হয়েছে। ছুটির দিনেও সবাই আন্তরিকভাবে কাজ করেছেন। সবার সম্মিলিত প্রয়াসে এমন একটি নান্দনিক উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে— এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। নতুন বছরকে বরণ করতে এখন পুরো ঘিওর প্রস্তুত। রঙ, ঐতিহ্য আর আনন্দে ভরপুর এক বৈশাখের অপেক্ষায়।’



