মাদারীপুরে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে ১১ দলের লিফলেট বিতরণ

একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে গণভোটের রায় বাস্তবায়ন অপরিহার্য। এজন্য রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার প্রয়োজন, যা শুধুমাত্র সংবিধান সংশোধনের মাধ্যমে নয়; বরং একটি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের মাধ্যমেই সম্ভব।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে ১১ দলের লিফলেট বিতরণ
সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে ১১ দলের লিফলেট বিতরণ |নয়া দিগন্ত

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সঙ্কট নিরসনের দাবিতে ১১ দল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে শহরের পুরানবাজার এলাকায় জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে দাবি-দাওয়া তুলে ধরা হয়।

লিফলেট বিতরণকালে জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোখলেছুর রহমান বলেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব। জনমতের প্রতিফলন ঘটিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

লিফলেটে ১১ দলীয় ঐক্য উল্লেখ করে, বর্তমান বিএনপি সরকার ক্ষমতার প্রভাব খাটিয়ে রাষ্ট্র সংস্কারের পথ রুদ্ধ করেছে এবং তাদের নানা পদক্ষেপ জনস্বার্থের পরিপন্থী। এতে বলা হয়, গণভোট অধ্যাদেশ বাতিলের মাধ্যমে সরকার জনগণের মতামত উপেক্ষা করে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রদত্ত ‘হ্যাঁ’ ভোটের রায়কে নস্যাৎ করার চেষ্টা করছে। এছাড়া গুম কমিশন ও মানবাধিকার কমিশন সম্পর্কিত অধ্যাদেশ বাতিলের মাধ্যমে সরকারবিরোধী মত দমনের পথ সুগম করছে বলেও লিফলেটে উল্লেখ করা হয়।

এতে আরো বলা হয়, অতীতের দমন-পীড়ন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নৃশংসতার সংস্কৃতি পুনরায় প্রতিষ্ঠার আশঙ্কা তৈরি হয়েছে।

লিফলেটে বিরোধীদলের পক্ষ থেকে বলা হয়, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে গণভোটের রায় বাস্তবায়ন অপরিহার্য। এজন্য রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার প্রয়োজন, যা শুধুমাত্র সংবিধান সংশোধনের মাধ্যমে নয়; বরং একটি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের মাধ্যমেই সম্ভব।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, এনসিপির সাবেক আহ্বায়ক হাবিবুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি মেজবাউল ইসলাম।

এছাড়া এই গণসংযোগে অংশ নেন জাতীয় গণতান্ত্রিক পার্টির জেলা সভাপতি শাখাওয়াত হোসেন মৃধাসহ ১১ দলীয় জোটের জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।