বগুড়া অফিস
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নিকৃষ্টতম ভোট জালিয়াতির অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোটগ্রহণ শেষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
বিবৃতিতে আবিদুর রহমান সোহেল বলেন, উপনির্বাচনে সরকারি দল বিএনপি কেন্দ্র দখল, ফলাফল শিটে এজেন্টদের আগাম স্বাক্ষর নেওয়া, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং ভোটকেন্দ্রের সামনে সকাল থেকেই মিছিল করে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তিনি অভিযোগ করেন, এসব আতঙ্ক সৃষ্টির মাধ্যমে বেলা ২টার পর থেকে নির্বিঘ্নে জাল ভোট দিয়ে বিএনপি ইতিহাসের নিকৃষ্টতম ভোট জালিয়াতির দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরো বলেন, সরকারি দল বিএনপি ও তাদের অনুগত রিটার্নিং কর্মকর্তা এ উপনির্বাচনকে একটি প্রহসনের নির্বাচনে পরিণত করেছে। তিনি দাবি করেন, জামায়াত অংশগ্রহণমূলক গণতন্ত্রে বিশ্বাসী—এ বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে এবং বিরোধী দলের স্বাধীন মতামতের প্রতি বিএনপির অবস্থান জাতির সামনে তুলে ধরতেই তারা শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়, দিনব্যাপী বিভিন্ন গণমাধ্যমে বগুড়ার ভোটগ্রহণের যে চিত্র প্রকাশিত হয়েছে, তা থেকে প্রমাণিত হয়েছে যে সরকারি দলের তত্ত্বাবধানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
আবিদুর রহমান সোহেল শত ভয়-ভীতি ও কালো টাকার প্রভাব উপেক্ষা করে যারা ভোট দিয়েছেন, তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।



