চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার নূরনগর গ্রামে গলায় ট্যাবলেট আটকে জান্নাতুল নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু জান্নাতুল উপজেলার নূরনগর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেলে শিশু জান্নাতুলের মা রেশমা খাতুন স্থানীয় দোকান থেকে মেট্রিল ট্যাবলেট কিনে শিশুটিকে খাইয়ে দেয়। এ সময় শিশু জান্নাতুলের গলায় সেই ট্যাবলেট আটকে যায়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।
নিহত শিশুর বাবা জালাল উদ্দিন জানান, তার মেয়ে বেশ কয়েকদিন ধরে ডায়রিয়ায় ভুগছিল। এই কারণে তার স্ত্রী স্থানীয় দোকান থেকে মেট্রিল ট্যাবলেট কিনে শিশুসন্তানকে খাইয়ে দেয়। এ সময় সেই ট্যাবলেট গলায় আটকে তার মেয়ে মারা যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সোহরাব হোসেন জানান, শিশুটি হাসপাতালে ভর্তি হওয়ার আগেই মারা যায়। মূলত সচেতনার অভাবেই শিশুটি মারা গেছে।



