রাজধানী ঢাকায় তাপমাত্রা সামান্য কমে গরমের তীব্রতা কিছুটা প্রশমিত হতে পারে। একইসাথে দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অবস্থায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
শনিবার (৬ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
এছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একইসাথে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ট্রেস পরিমাণ।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় আজ দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।



