বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ৯৭ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে ১৩তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এ স্কোর অনুযায়ী নগরীর বাতাসের মান ‘সহনীয়’ বা মাঝারি পর্যায়ে রয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ারের সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
তালিকায় ১৫৭ একিউআই স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মিশরের কায়রো। একই স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা। তৃতীয় স্থানে রয়েছে ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৫৬।
এছাড়া ১৫১ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর চতুর্থ এবং ১৪৪ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মান তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে একিউআই সূচকের মাধ্যমে প্রকাশ করে থাকে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।



