বজ্রসহ ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সঙ্কেত

উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
ঝড়বৃষ্টির আভাস
ঝড়বৃষ্টির আভাস |সংগৃহীত

ঢাকাসহ দেশের ২০ জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সাথে বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে— রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এতে কিছু এলাকায় জলাবদ্ধতার সম্ভাবনাও রয়েছে।

তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তনের আভাস নেই। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৩ মিনিটে।