পবিত্র ঈদুল আজহার দিন দেশের আবহাওয়া মোটামুটি স্বস্তিদায়ক থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ জানান, আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিন রাজধানীসহ দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা দীর্ঘস্থায়ী হবে না। বরং স্বল্প সময়ের বৃষ্টি শেষে দ্রুত আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ঈদের নামাজ, কোরবানি ও পারিবারিক আয়োজন বড় ধরনের আবহাওয়া দুর্ভোগ ছাড়াই সম্পন্ন হতে পারে।
তিনি জানান, ঈদের দিন ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে পারে। তবে সারাদেশে একযোগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। দেশের পশ্চিমাঞ্চল-বিশেষ করে রাজশাহী বা খুলনা অঞ্চল থেকে বৃষ্টি শুরু হতে পারে। কোথাও বৃষ্টি শুরু হলে তা ৩০ মিনিট থেকে সর্বোচ্চ এক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এরপর আকাশ আবার মেঘমুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকায় ঈদের দিন সকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি স্বল্প সময়ের হতে পারে এবং এর সাথে দমকা বা ঝড়ো হাওয়া ও বজ্রপাত থাকতে পারে বলেও জানান তিনি।
ঈদের পরের দিন বৃষ্টিপাতের পরিধি আরো বাড়তে পারে উল্লেখ করে এই আবহাওয়াবিদ জানান, খুলনা বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা তুলনামূলক কম থাকতে পারে, দেশের অন্য বিভাগগুলোর বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হতে পারে।
তিনি জানান, আগামী ৩ বা ৪ জুন পর্যন্ত যে বৃষ্টি হবে তা মূলত স্বল্পস্থায়ী হবে। বেশিরভাগ ক্ষেত্রেই ৩০ থেকে ৪০ মিনিটের বেশি স্থায়ী হবে না। তবে ৪ জুনের পর থেকে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসতে পারে এবং তখন দীর্ঘ সময় ধরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে গরমের পরিস্থিতি নিয়েও স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিস জানায়, তাপমাত্রা খুব বেশি বাড়বে না। কোথাও কোথাও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে, তবে বর্তমান তাপমাত্রার কাছাকাছিই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। ফলে ঈদের দিন অতিরিক্ত তাপদাহের শঙ্কা আপাতত নেই।
সূত্র : বাসস



