কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা : নদীবন্দরের জন্য সতর্কতা জারি

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম ও উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
নদীবন্দরের জন্য সতর্কবার্তা জারি
নদীবন্দরের জন্য সতর্কবার্তা জারি |ইন্টারনেট

আবহাওয়া অধিদফতর কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কবার্তা জারি করেছে।

আজ সোমবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য এই সতর্কবার্তা জারি করা হয়।

অধিদফতর এ সংক্রান্ত এক বিশেষ বুলেটিনে বলেছে, ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম ও উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত পৃথক আরেকটি বিশেষ বুলেটিনে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য ২ নম্বর সতর্ক সঙ্কেত জারি করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ‘আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুশিয়ারি সঙ্কেত (পুন:) ০২ নম্বর নৌ হুশিয়ারি সঙ্কেত দেখাতে বলা হয়েছে।’

এতে বলা হয়েছে, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলসমূহের উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

সূত্র : বাসস