দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

দেশের বিভিন্ন জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, বিশেষ করে খুলনা বিভাগের ওপর দিয়ে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে অনেক স্থানে এবং কিছু এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

একইসাথে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে।

গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২০.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।

আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৮০ মিলিমিটার। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে।

সূত্র : বাসস