রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ (মঙ্গলবার) দুপুর ১টা পর্যন্ত এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি এবং অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পৃথক দু’টি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
ঢাকা ও পাশের অঞ্চলের জন্য দেয়া আরেক পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় রাজধানীতে অস্থায়ীভাবে হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।



