এশিয়ান বিচ গেমস

ভালো শুরুর পরও জয়ের দেখা পেল না বাংলাদেশ

১-১ সেটে ড্র হলে খেলা গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। যেখানে ৭-৪ পয়েন্টে সেট জিতে ২-১ ব্যবধানে বাংলাদেশকে হারায় মালদ্বীপ।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের একটি দৃশ্য
বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের একটি দৃশ্য |বাসস

চীনের সানিয়া শহরে শুরু হয়েছে ষষ্ঠ এশিয়ান বিচ গেমস-২০২৬। ‘বি’ গ্রুপে আজ মঙ্গলবার নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ জাতীয় বিচ হ্যান্ডবল দল মুখোমুখি হয় মালদ্বীপের। প্রথম সেটে একচেটিয়া দাপটের সাথে খেলে ২১-১২ পয়েন্টে জয় তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় মালদ্বীপ। শেষ সময়ে পেনাল্টি মিসের খেসারত দিয়ে ২৩-২২ পয়েন্টে সেট হেরে যায় বাংলাদেশ।

১-১ সেটে ড্র হলে খেলা গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। যেখানে ৭-৪ পয়েন্টে সেট জিতে ২-১ ব্যবধানে বাংলাদেশকে হারায় মালদ্বীপ।

দিনের আরেক ম্যাচে নিজেদের দ্বিতীয় খেলায় পাকিস্তানের সাথে সরাসরি ২-০ সেটে হেরে গেছে বাংলাদেশ। প্রথম সেটে ২৪-১৬ পয়েন্টে জয় তুলে নেয় পাকিস্তান। দ্বিতীয় সেটেও নিজেদের আধিপত্য ধরে রেখে ২২-১৮ পয়েন্টে জয় তুলে নেয় পাকিস্তান।

আগামী ২৩ এপ্রিল নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ দল : রবিউল আওয়াল (অধিনায়ক), সালমান খান (সহ-অধিনায়ক), তাজু হাসান, নাহিদ আলী, মো: জীবন অন্তর জেনিন, বিপুল ঘোষ, অনিক হাসান, মো: ফয়সাল, মো: খোকন মোল্লা, অনিক পারিয়াল।

সূত্র : বাসস