বার্সার ছাঁটাই মিশনে ৬ তারকা

স্কোয়াড ছোট করতে দলবদলের বাজার বন্ধ হওয়ার আগেই ৬ তারকা ফুটবলারকে ছাড়ার পরিকল্পনা করছে বার্সেলোনা।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

দলবদলের বাজার বন্ধ হওয়ার আগে স্কোয়াড ছোট করতে ব্যস্ত বার্সেলোনা। এরই মাঝে কয়েকটি ট্রান্সফার ও ধারের চুক্তি চূড়ান্ত করেছে কাতালান ক্লাবটি। এবার মূল দলের বাইরে রাখা হয়েছে আরো ছয় ফুটবলারকে। দলবদলের শেষ সময়ের আগেই তাদের কাউকে স্থায়ীভাবে, আবার কাউকে ধারে ছাড়তে চায় বার্সা।

বিশ্বকাপ শেষে বেশিভাগ খেলোয়াড় অনুশীলনে ফেরার পর মূল স্কোয়াড গুছিয়ে নেয়ার কাজ শুরু করেছে বার্সেলোনা। হান্সি ফ্লিকের অধীনে নিয়মিত অনুশীলন করলেও ছয় ফুটবলারকে এখন মূল দলের বাকিদের থেকে আলাদা করে নির্দিষ্ট ফিটনেস অনুশীলন করানো হচ্ছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’।

তাদের মাঝে বার্সা ছাড়ার সবচেয়ে কাছাকাছি রয়েছেন তোরেন্ত। এই লেফট-ব্যাকের আয়াক্সে যাওয়া প্রায় চূড়ান্ত। দুই ক্লাবের মধ্যে চুক্তিও বেশ কিছুদিন আগে পাকা হয়েছে। তবে ব্যক্তিগত চুক্তি-সংক্রান্ত কিছু সমস্যার কারণে আনুষ্ঠানিক ঘোষণা ও বিদায়ের প্রক্রিয়া কিছুটা পিছিয়েছে।

মিডফিল্ডার কাসাদোর ভবিষ্যৎ নিয়েও চলছে শেষ মুহূর্তের আলোচনা। তার প্রতি সৌদি আরব ও ইউরোপের কয়েকটি ক্লাবের আগ্রহ রয়েছে। কোন প্রস্তাব গ্রহণ করবেন, সেটি ঠিক করতে আরো কিছুটা সময় নিতে চাইছেন তিনি।

ফুলব্যাক ফোর্টও জানেন, ক্যাম্প ন্যুতে তার সময় শেষের পথে। তাকে দলে নিতে আগ্রহী ক্লাবের সংখ্যা বাড়ছে। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাব থেকে তার জন্য বিভিন্ন ধরনের প্রস্তাব এসেছে।

টমি মার্কেসও দল ছাড়বেন- এটা গত সপ্তাহেই তাকে জানিয়ে দিয়েছে বার্সা। ক্লাবটি তাকে স্থায়ীভাবে বিক্রি করতে চায়। তবে কাঙ্ক্ষিত প্রস্তাব না এলে ধারে পাঠানোর পথও খোলা রাখছে তারা। তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে স্পোর্টিং ব্রাগা।

ছয়জনের তালিকার বাকি দু’জন হলেন গিলে ও টনি ফার্নান্দেজ। দু’জনের প্রতিই বেশ কয়েকটি ক্লাবের আগ্রহ রয়েছে। স্থায়ী ট্রান্সফার কিংবা ধারে- দুই পথেই তাদের ছাড়ার সুযোগ রয়েছে বার্সার সামনে।

প্রাক-মৌসুমের প্রথম পর্ব শেষ হওয়ার পর এখন এই ছয় ফুটবলারের জন্য নতুন ঠিকানা খুঁজছে বার্সেলোনা। দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগেই তাদের ভবিষ্যৎ চূড়ান্ত করতে চায় কাতালান ক্লাবটি।