বিশ্বকাপ মাঠে গড়ানোর আর এক মাসও বাকি নেই। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে ইতোমধ্যেই দলগুলো ঘোষণা করেছে প্রাথমিক স্কোয়াড। একই কাজ সেরেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলও।
৫৫ সদস্যের সেই প্রাথমিক তালিকায় আছেন নেইমার জুনিয়র। তবে দলে ঠাঁই হয়নি এস্তেভাওয়ের। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও তার প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিতে না পারার বিষয়টি নিশ্চিত করেছে ‘গ্লোবো’।
গত এপ্রিল মাসের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার পরই অবশ্য তাকে নিয়ে শঙ্কা দেখা দেয়। তবুও আশা করা হচ্ছিল, হয়তো সেরে উঠতে পারবেন এস্তেভাও। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। দর্শক হয়েই থাকতে হবে তাকে।
গুরুতর চোটের কারণে এর আগে ব্রাজিলের এদের মিলিতাও ও রদ্রিগো ছিটকে পড়েন বিশ্বকাপ থেকে। তবে ৩৪ বছর বয়সী নেইমার তার চতুর্থ বিশ্বকাপ খেলার পথে এক ধাপ এগিয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাহিরে থাকা নেইমার প্রাথমিক তালিকায় টিকে গেছেন। যদিও ২৬ জনের চূড়ান্ত দলে নেইমারের থাকা বেশ কঠিন। তবে সুযোগ চলেও আসতে পারে।



